Friday, November 3, 2017

তাসকিনের সমালোচনাকারীদের একহাত নিলেন আশরাফুল

All SportsAll Sports

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসলেন পেসার তাসকিন আহমেদ। গত মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। তরুণ এই পেসারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। কেউ সমালোচনা করছেন, আবার কেউ তাসকিনের স্ত্রীকে কটু মন্তব্য করতেও ছাড়েননি।

বিষয়টি নিয়ে তাসকিন কোনো মন্তব্য করেননি। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এই তরুণ পেসারের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এনটিভি অনলাইনের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো : “তাসকিনের বিয়ে এবং তাঁর স্ত্রীকে নিয়ে যাঁরা নেতিবাচক মন্তব্য করেছেন, লেখাটা তাঁদের জন্য। গত মঙ্গলবার তাঁদের সাত বছরের সম্পর্ক বিয়েতে রূপ পেয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখছি তা নিয়ে সমালোচনা হচ্ছে। সাধারণত যেকোনো ব্যাপারে আমি খুব একটা প্রতিক্রিয়া দিই না। তবে এবার আর কিছু না বলে থাকতে পারলাম না। সাকিব, তামিম, মুশফিক, আমি বা তাসকিন বিয়ে করার করার পর প্রতিবারেই আমাদের শুনতে হয় অমুক ক্রিকেটারের স্ত্রী ‘বুড়ো’, তমুক ক্রিকেটারের স্ত্রী মোটা, কারো স্ত্রীর নাক বোঁচা। তাসকিনও এ সমালোচনা থেকে রেহাই পেল না। কেন সে দ্রুত বিয়ে করল, তাঁর স্ত্রী কেন সুন্দরী নয়, দাঁত বের করে হাসে এসব কমেন্ট আর স্ট্যাটাসে ফেসবুক ভরে গেছে। আচ্ছা সংসারটা তাসকিন করবে তাঁর পছন্দের স্ত্রীর সঙ্গে। সেখানে তাঁর স্ত্রী সুন্দরী না দাঁত বের করে হাসে, এটা বলার আপনি কে? সংসার তাসকিন করবে, আপনি নন। তাসকিন যদি তাঁর স্ত্রীর সঙ্গে সুখী থাকে, তাহলে সেখানে নাক গলানোর আপনি কে? এই অধিকার কোথায় পেয়েছেন? মানছি আমরা পাবলিক ফিগার, কিন্তু তাই বলে আমরা আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার দিয়ে দিইনি। আমাদের পেশা ক্রিকেট খেলা। দর্শক হিসেবে আমাদের খেলা নিয়ে আপনি গঠনমূলক সমালোচনা করতেই পারেন, কিন্তু আমি কী খাব, কোন ড্রেস পরব, কাকে বিয়ে করব এসব নিশ্চয়েই আপনি ঠিক করে দিতে পারেন না। কার স্ত্রী মোটা, কার বৌ বুড়ো—এসব নিচু মানের কমেন্ট আর স্ট্যাটাস দেওয়ার আগে নিজেকে আয়নায় দেখেছেন তো? তাসকিন কেন ২২ বছর বয়সে বিয়ে করল, এটা নিয়ে চিন্তার শেষ নেই অনেকের। সেকি কোনো খারাপ কাজ করেছে? না করেনি, বরং সাত বছরের প্রেমকে বিয়েতে স্বীকৃতি দিয়েছে। তারকা হওয়ার আগে থেকেই কিন্তু নাঈমার সঙ্গে তাসকিনের সম্পর্ক ছিল। তারকা হওয়ার পর ও যে সে মেয়েটিকে ভুলে অন্য কাউকে বিয়ে করেনি, এ জন্য তাসকিন বাহবা পেতে পারে।
All Sports
বলবেন বিয়েটা তাড়াতাড়ি করা হয়ে গেছে? তাসকিনের বাবা-মায়ের চেয়ে আপনারা আপন নন নিশ্চয়ই। তাঁদের সম্মতিতেই বিয়েটা হয়েছে এবং তাঁরা মনে করেছেন এটাই ছেলের বিয়ের উপযুক্ত সময়, তাহলে সমস্যাটা কোথায়? এটা নিয়ে যদি নেতিবাচক সমালোচনা করেন, তাহলে বলতেই হচ্ছে, ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি।’ তারকাখ্যাতির কারণে প্রতিদিন আমাদের মেয়ে ভক্তদের থেকে অসংখ্য প্রেম আর বিয়ের প্রস্তাব পেতে হয়। সব সময় নিজেদের সামলে রাখা কিন্তু কষ্টের, কারণ দিনশেষে আমাদের পরিচয় তারকা নয়, বরং রক্ত-মাংসের মানুষ। সেখানে তাসকিন ছেলেটা সব উপেক্ষা করে তাঁর সম্পর্কটা কিন্তু সাত বছর টেনে নিয়ে গেছে। নিজের বান্ধবীকে ভুলে নাঈমার চেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করেনি সে। যদি তা করত তখন আপনারাই বলতেন তাসকিন প্রতারক। আসলে আমরা সুন্দরের ব্যাখ্যাটাই জানি না। সুন্দর মানে এখনো আমাদের কাছে বাহ্যিক সৌন্দর্য। সুন্দর মানে গায়ের রং ফর্সা হতে হবে, সুন্দর চোখ, নাক, গাল, ঠোঁট, হাসি হতে হবে। অথচ মনের সৌন্দর্য যে আসল, তা হয়তো আমরা জানি না। সাত বছর তারা প্রেম করেছে, এরপর তাদের মনে হয়েছে এখন এক ছাদের নিচে থাকা যায়। আর আপনারা খুঁজে বেড়াচ্ছেন মেয়েটি দাঁত ভালো না, হাসি সুন্দর না। বাহ কী মানসিকতা। সরি টু সে...এসব যাঁরা বলে বেড়াচ্ছেন, তাঁরাই সুন্দর নন। কেন জানেন? আপনারা নিচু মানসিকতার মানুষ। আর কেউ যদি নিচু মানসিকতার মানুষ হয়, তিনি যতই সুন্দর হোন না কেন, তাঁকে আমার কাছে অসুন্দরই মনে হবে। পাবলিক ফিগার হিসেবে এই ধরনের কড়া কথা কখনেই বলিনি, আজ বিরক্ত হয়ে বলতে বাধ্য হলাম। আর এভাবে বলার জন্য একটুও অনুতপ্ত নই। কারণ যা বলেছি মন থেকে বলেছি, বিশ্বাস থেকে বলেছি।”

No comments: