Friday, October 27, 2017

শ্রীলঙ্কার দুর্দশা চলছেই

টেস্ট সিরিজে পাকিস্তানকে হারালেও সীমিত ওভারের ক্রিকেটে কিছুতেই পেরে উঠছে না শ্রীলঙ্কা। ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজটা খোয়ানোর পর টি-টোয়েন্টিতে লঙ্কানদের বেহাল দশা অব্যাহত রয়েছে। আবুধাবিতে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে লঙ্কানরা। প্রথমে ব্যাট করে মাত্র ১০২ রানে অলআউট হয় থিসারা পেরেরার দল। জবাবে তিন উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দিলশান মুনাবিরাকে ফেরান ইমাদ ওয়াসিম। চতুর্থ ওভারে অপর ওপেনার দানুশকা গুনাথিলাকাকে আউট করেন উসমান খান। দলীয় ৫১ রানে সাদিরা সামারাবিক্রমা সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। হাসান আলী ও মোহাম্মদ হাফিজের দারুণ বোলিংয়ে ১০২ রান করতেই অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ২৩ রান করে করেন সেকুগে প্রসন্ন ও সামারাবিক্রমা। ২৩ রানে ৩ উইকেট নেন হাসান আলী। এ ছাড়া উসমান খান ও হাফিজ নেন দুটি করে উইকেট।
Sports All
 ১০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও।  ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। তবে শোয়েব মালিক ও আহমেদ শেহজাদের ৪৬ রানের জুটিতে লড়াইয়ে ফেরে দলটি। শেহজাদ ২২ রান করে ফিরলেও অন্যপ্রান্তে হাফিজ ছিলেন অবিচল। শোয়েব মালিকের সঙ্গে ৩৯ রানের জুটি বেঁধে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৩১ বলে ৪২ রান করেন শোয়েব মালিক। এ ছাড়া হাফিজ অপরাজিত ছিলেন ২৫ রানে।
টি-টোয়েন্টির সর্বশেষ সর্বশেষ ২১ ম্যাচে পাকদের এটি ১৭তম জয়। অন্যদিকে শ্রীলঙ্কার খারাপ ফর্ম চলছেই। গত ১২ মাসে খেলা ২৯টি ওয়ানডের ২২টিতেই হেরেছে দলটি। টানা ১৪ ম্যাচে জয়হীন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই হেরেছে শ্রীলঙ্কা। শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে পেরেরার দল।
Sports All

No comments: